প্রকাশিত: September 27, 2026
আল আকসা মসজিদ পুরোপুরি নিয়ন্ত্রণ ও আধিপত্য প্রতিষ্ঠার দিকে ইসরায়েল এগোচ্ছে বলে দাবি করেছেন হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য খালেদ মেশাল। তিনি বলেন, মসজিদ ঘিরে ইসরায়েলের বিভিন্ন পদক্ষেপ এ ধরনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পথ তৈরি করছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এক বিবৃতিতে মেশাল সেসব কথা বলেন। তিনি বলেন, আল আকসা মসজিদকে ৪০ দিনের জন্য বন্ধ রাখা, সময়ের ভিত্তিতে বিভাজন আরোপ এবং ইহুদি উগ্রপন্থি গোষ্ঠীগুলোর প্রবেশের সুযোগ তৈরি করা হচ্ছে। এসব পদক্ষেপের মাধ্যমে মসজিদ প্রাঙ্গণে ফিলিস্তিনিদের উপস্থিতি সীমিত করার চেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি।
মেশালের অভিযোগ, আল আকসা প্রাঙ্গণের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো খালি করে দিয়ে সেখানে ‘স্থানিক বিভাজন’ প্রতিষ্ঠারও চেষ্টা করা হচ্ছে। তার ভাষায়, এসব পদক্ষেপের ফলে মসজিদটি এখন ‘গুরুত্বপূর্ণ এক সন্ধিক্ষণে’ দাঁড়িয়ে আছে।
আল-আকসা রক্ষায় বিভিন্ন পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন মেশাল। তিনি জেরুজালেম ও আল-আকসা রক্ষায় ‘প্রতিরোধ ও জিহাদের কৌশল’ গ্রহণের কথা বলেন।
ফিলিস্তিনিদের আল আকসা মসজিদে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি সেখানে দৃঢ় উপস্থিতি বজায় রাখার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে আরব ও মুসলিম বিশ্বের জনগণকে ফিলিস্তিনের সমর্থনে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
এমআর-২