ঢাকা-শরীয়তপুর মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ছাত্রলীগকর্মী গ্রেপ্তার

প্রকাশিত: September 30, 2026

  • শেয়ার করুন

শরীয়তপুরের জাজিরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আল আমিন ঢালী নামে ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বিকেনগর ইউনিয়নের মাদ্রাসা গেট এলাকায় ঢাকা-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কে এ মিছিল করা হয়। ইতোমধ্যে মিছিলের ৪৭ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে জাজিরা বিকেনগর কলেজ ছাত্রলীগের সভাপতি সুমন মাদবরকে মিছিলের নেতৃত্ব দিতে দেখা যায়। এতে অর্ধশতাধিক নেতাকর্মী অংশ নেন বলে স্থানীয় সূত্রে জানা যায়। মিছিলে অংশগ্রহণকারীদের বিভিন্ন স্লোগান দিতেও শোনা যায়। মিছিলের ব্যানারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেনের ছবি দেখা যায়।

স্থানীয়রা জানান, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্রলীগের কার্যক্রম নিষিদ্ধ হলেও জাজিরার বিভিন্ন এলাকায় সংগঠনটির নেতাকর্মীদের প্রকাশ্যে মিছিল করতে দেখা গেছে। এসব কর্মসূচির ছবি ও ভিডিও বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গত এক সপ্তাহে জাজিরা উপজেলার প্রায় সব ইউনিয়নের বিভিন্ন এলাকায় শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজন ও বিক্ষোভ মিছিল হয়েছে।

  • শেয়ার করুন