প্রকাশিত: October 1, 2026
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করেছে বিএনপি। এছাড়া ঢাকা মহানগর উত্তর যুবদল ও ঢাকা মহানগর পশ্চিম শাখা ছাত্রদলের কমিটিও বিলুপ্ত করা হয়েছে। পাশাপাশি বিএনপির তিনজন এবং ছাত্রদলের পাঁচ নেতাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়। বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মো. আমিনুল হককে আহ্বায়ক ও মো. মোস্তফা জামানকে সদস্য সচিব করে গঠিত ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি নির্দেশক্রমে বিলুপ্ত করা হয়েছে। অতি শিগগির ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে।
দলীয় সূত্র জানায়, ঢাকা মহানগর উত্তর এলাকায় সম্প্রতি কয়েকটি অনাকাক্সিক্ষত ঘটনায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের জড়িয়ে পড়ার অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতেই বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ যথাক্রমে সংশ্লিষ্ট ইউনিটগুলোর কমিটি বিলুপ্ত করা হয়।
এদিকে অনৈতিক কার্যকলাপসহ সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ঢাকা মহানগর উত্তর বিএনপির বহিষ্কৃত নেতারা হলেন-ঢাকা মহানগর উত্তর-শাহআলী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক খলিল চৌধুরী, সি-ব্লক ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য হাফিজুর রহমান শুভ্র। তাদের দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া মেয়াদোত্তীর্ণ হওয়ায় ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে জাতীয়তাবাদী যুবদল। সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
মেয়াদোত্তীর্ণ হওয়ায় ঢাকা মহানগর পশ্চিম শাখা ছাত্রদলের কমিটিও বিলুপ্ত করা হয়েছে। ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শিগগির এ ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে। একই সঙ্গে ঢাকা মহানগর পশ্চিম শাখা ছাত্রদলের পাঁচ নেতাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতারা হলেন-মহানগর পশ্চিম শাখার সহসভাপতি সারোয়ার আলম পিয়াস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, দারুসসালাম থানা ছাত্রদলের আহ্বায়ক ইকবাল দিপু, সদস্য সচিব ওমর নাঈম এবং ৯৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্য সচিব শান্ত রহমান। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এসব সিদ্ধান্ত অনুমোদন করেছেন।