প্রকাশিত: October 1, 2026
য়াডাঙ্গার দামুড়হুদার চণ্ডীপুরে আওয়ামী লীগ নেতা আবু ছিদ্দিক মেম্বারকে গ্রেপ্তার করতে গিয়ে পরিবারের সদস্যদের হামলার শিকার হয়েছে পুলিশ। এ সময় পুলিশের কাছ থেকে হ্যান্ডকাপ পরা অবস্থাতেই ওই আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়া হয় এবং তিনি পালিয়ে যান। হামলায় দর্শনা থানার দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের চণ্ডীপুর এলাকায় এ ঘটনা ঘটে। পলাতক আবু ছিদ্দিক মেম্বার চণ্ডীপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান ইউপি সদস্য।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবু ছিদ্দিককে গ্রেপ্তারের জন্য বুধবার রাতে দর্শনা থানার একটি দল চণ্ডীপুর এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় পুলিশ তাকে গ্রেপ্তার করে হ্যান্ডকাপ পরায়। এতে ক্ষিপ্ত হয়ে তার পরিবারের সদস্যরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেন। একপর্যায়ে হ্যান্ডকাপ পরা অবস্থাতেই আবু ছিদ্দিক পালিয়ে যেতে সক্ষম হন।
ঘটনার পরপরই এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং পলাতক আসামিকে ধরতে সাঁড়াশি অভিযানে নামে পুলিশ। পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে চণ্ডীপুর হালদারপাড়ার লক্ষ্মণ, ফিরোজ, কণা ও সোনালী নামের চারজনকে আটক করা হয়েছে।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. মুখলেসুর রহমান বলেন, পলাতক আসামিকে গ্রেপ্তার এবং পরিস্থিতির নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
দামুড়হুদা-জীবননগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরুল্লাহ বলেন, আওয়ামী লীগ নেতা আবু ছিদ্দিককে আটক করতে গেলে পরিবারের লোকজন পুলিশের ওপর হামলা চালায় এবং এতে দুজন পুলিশ সদস্য আহত হন।