প্রকাশিত: October 3, 2026
গাজীপুরের টঙ্গীতে ১০টি ককটেল, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের নামসংবলিত দুটি ব্যানার উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩ অক্টোবর) সকালে টঙ্গী পশ্চিম থানাধীন গুটিয়ার আন্ধারুল এলাকায় একটি বাড়ির সামনে থেকে এসব উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বাড়ির সামনে ককটেল পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে টঙ্গী পশ্চিম থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ককটেলগুলো উদ্ধার করে এবং নিরাপত্তার স্বার্থে আশপাশের এলাকা ঘিরে রাখে। ককটেলগুলো নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল টিমকে খবর দেওয়া হয়েছে।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান ১০টি ককটেল ও দুটি ব্যানার উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ককটেলগুলো নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল টিমকে জানানো হয়েছে। টিম ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে ককটেলগুলো নিষ্ক্রিয় করবে।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া দুটি ব্যানারে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা ও আদালতের রায় বাতিল এবং কারাবন্দিদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিলের ঘোষণা রয়েছে। ব্যানার দুটিতে টঙ্গী পশ্চিম থানা ও ৫২ নম্বর ওয়ার্ড যুবলীগ এবং ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর নাম উল্লেখ রয়েছে।
একটি ব্যানারে ৫২ নম্বর ওয়ার্ড যুবলীগের বিভিন্ন পদপ্রত্যাশী হিসেবে মো. ফরিদ, মো. হাবিবুর রহমান, মো. বাবুল ও আলী আকবরের নাম রয়েছে। অপর ব্যানারে টঙ্গী পশ্চিম থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নূরনবী, সাজিদ হোসেন দিপু এবং ৫২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের হাসান নাহিদ ও সজিবের নাম উল্লেখ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ককটেলগুলো নিষ্ক্রিয় করার পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। তদন্তের ভিত্তিতে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।