প্রকাশিত: October 3, 2026
গাজীপুরের টঙ্গীতে চোর সন্দেহে মো. রানা (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার সকালে গাজীপুরা পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রানা টঙ্গী পূর্ব থানার এরশাদনগর ২ নম্বর ব্লক এলাকার বাচ্চু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর ৫টার দিকে গাজীপুরা পশ্চিম পাড়ার হানিফ মিয়ার বাড়িতে রানা প্রবেশ করলে তাকে চোর সন্দেহে আটক করা হয়। পরে ওই বাড়ির ম্যানেজারসহ অজ্ঞাতপরিচয় আরও ৪-৫ জন ভাড়াটিয়া তাকে বেধড়ক পিটুনি দেয়। পরে সকাল সাড়ে ১১টার দিকে মেধাবিকাশ স্কুল সংলগ্ন লাভলী গার্মেন্টসের সামনের মাঠে রানাকে ফেলে রাখা হয়। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রানার ছেলে জনি বলেন, ‘সকালে বাবা কাজে যাবে বলে বাসা থেকে বের হন। কিছুক্ষণ পর হানিফ নামে ব্যক্তি আমার মায়ের ফোন কল দেন। তিনি বলেন- রানা (বাবা) দুইটা মোবাইল চুরি করেছেন। তাকে ছাড়িয়ে আনতে ৫০ হাজার টাকা লাগবে। পরে আমিসহ আমার পরিচিত লোকজন নিয়ে ওখানে যাই। গিয়ে দেখি হানিফ তার চারতলা বাড়ির ছাদে বাবাকে পিটিয়ে আহত করে ফেলে রেখেছেন। পরে তারাই বাবাকে ছাদ থেকে নামিয়ে একটি মাঠে ফেলে পালিয়ে যান। পরে পুলিশকে খবর দিলে বাবাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসকরা বাবাকে মৃত ঘোষণা করেন।’
টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।