নোয়াখালীতে কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ১৭০, মুচলেকায় ছাড়া পেল ১৫২

প্রকাশিত: October 4, 2026

  • শেয়ার করুন

নোয়াখালীর বিভিন্ন থানায় কিশোর গ্যাং বিরোধী অভিযান চালিয়ে ১৭০ জনকে আটক করেছে জেলা পুলিশ। আটককৃতদের মধ্যে ১৫২ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে। এছাড়া, ১৮ জনের বিরুদ্ধে বিভিন্ন আইনে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) জেলার বিভিন্ন থানা এলাকায় দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধ, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া রোধ, জননিরাপত্তা নিশ্চিত ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, আটক ১৭০ জনের মধ্যে ২ জনকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখানো হয়েছে। ১০ জনের বিরুদ্ধে ৩৪ ধারায় প্রসিকিউশন দাখিল এবং ৬ জনকে নিয়মিত মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

থানাভিত্তিক অভিযানে সুধারাম মডেল থানায় ৪ জন, কোম্পানীগঞ্জ থানায় ১৭ জন, সেনবাগ থানায় ৩ জন, চরজব্বর থানায় ৩২ জন, চাটখিল থানায় ৬ জন এবং কবিরহাট থানায় ৯ জনকে আটক করা হয়। পরে তাদের মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেয়া হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা ও অপরাধপ্রবণতা প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

জেলা পুলিশ সুপার এনএম নাসিরুদ্দিন জানান, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধে  জেলা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া রোধে শুধু আইন প্রয়োগ নয়, তাদের পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের দায়িত্বশীল ব্যক্তিদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

অভিযানের পাশাপাশি কিশোরদের সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সচেতনতামূলক কার্যক্রমও জোরদার করা হবে। কেউ কিশোরদের ব্যবহার করে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করলে তার বিরুদ্ধেও কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে। জননিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে নোয়াখালী জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • শেয়ার করুন