জামায়াতে যোগ দিলেন সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা

প্রকাশিত: October 4, 2026

  • শেয়ার করুন
লক্ষ্মীপুরের কমলনগরে সেলিম উদ্দিন রমিজ নামে এক সাবেক স্বেচ্ছাসেবকলীগ নেতা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। তিনি উপজেলার চরকাদিরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরবসু এলাকার আলী উদ্দিনের ছেলে।

৮ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি জসিম উদ্দিনের মাধ্যমে সদস্য ফরম পূরণ করে জামায়াতে যোগ দেন রমিজ। 

স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, রমিজ উপজেলার চরবসু এলাকার পাটোয়ারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহায়ক পদে চাকরি করেন। সেলিম উদ্দিন রমিজ কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়কের দায়িত্বে ছিলেন। এর আগে ২০০৮ সাল থেকে প্রথমে ওই ইউনিয়ন ছাত্রলীগের সদস্য ও পরে যুবলীগের সদস্য হয়ে দীর্ঘ ১৭ বছর ধরে আওয়ামী লীগের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে যোগ দেন।

তার উপস্থিতির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে সংরক্ষিত রয়েছে।

যোগদানের বিষয়টি নিশ্চিত করে সেলিম উদ্দিন রমিজ জানান, পরিস্থিতির শিকার হয়ে তিনি জামায়াতে যোগ দিয়েছেন। এখন কোনো দায়িত্বে নেই। শুধুমাত্র জামায়াত সমর্থক হিসেবে আছেন।

 

এ বিষয়ে জানতে উপজেলা জামায়াতের আমির আবুল খায়েরের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি।

  • শেয়ার করুন