প্রকাশিত: October 4, 2026
রাজধানীর আদাবর থানার গার্মেন্টসকর্মী রুবেল হত্যা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ রোববার (৪ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হক এ আদেশ দেন।
গত ২৫ জুন রাজধানীর মগবাজার এলাকা থেকে কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করা হয়। পরদিন আদালত তাকে তিন দিনের রিমান্ডে পাঠান। রিমান্ড শেষে ২৯ জুন তাকে কারাগারে পাঠানো হয়। পরে গত ৯ সেপ্টেম্বর তিনি ওই মামলায় উচ্চ আদালত থেকে জামিন পান।
মামলার এজাহার থেকে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট বেলা ১১টার দিকে রুবেলসহ কয়েকশ ছাত্র-জনতা ঢাকার আদাবরের রিংরোড এলাকায় প্রতিবাদ মিছিল বের করেন। এ সময় পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতী লীগ, কৃষক লীগ ও মৎস্যজীবী লীগের নেতাকর্মীরা গুলি চালান। এতে রুবেল গুলিবিদ্ধ হন। পরে তাকে নিকটস্থ একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রুবেল হত্যার ঘটনায় ২০২৪ সালের ২২ আগস্ট আদাবর থানায় মামলা করেন তার বাবা রফিকুল ইসলাম।