প্রকাশিত: October 4, 2026
সৌদি আরবের বিভিন্ন আইন ভঙ্গের অভিযোগে এক সপ্তাহে প্রায় ১০ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। শনিবার (৩ সেপ্টেম্বর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।
গত ২৪ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশটির নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থাগুলো যৌথ অভিযান চালিয়ে এই ব্যবস্থা নেয়। এই এক সপ্তাহে নিয়ম ভাঙার দায়ে মোট ১১ হাজার ৮১৯ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে আবাসিক আইন ভাঙায় ৫ হাজার ৭৯৩ জন, সীমান্ত নিরাপত্তা আইনে ৩ হাজার ৩০৭ জন এবং শ্রম আইন ভঙ্গের দায়ে ২ হাজার ৭১৯ জন আটক হয়েছেন।
যাচাই-বাছাই শেষে প্রায় ২০ হাজার মানুষকে ট্রাভেল পাস বা ভ্রমণ নথি জোগাড়ের জন্য তাদের দূতাবাসে পাঠানো হয়েছে। আরও ৪ হাজার জনের দেশ ছাড়ার কাজ প্রায় শেষের পথে। এছাড়া নিয়ম ভাঙার কারণে বর্তমানে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হয়েছেন ৩২ হাজারেরও বেশি প্রবাসী।
অভিযানের সময় সীমান্ত পেরিয়ে অবৈধভাবে সৌদি ঢোকার সময় ১ হাজার ৩৮২ জনকে ধরা হয়, যাদের বেশিরভাগই ইথিওপিয়া ও ইয়েমেনের নাগরিক। দেশ ছাড়ার সময় অবৈধভাবে পালানোর চেষ্টাকালে ধরা পড়েছেন আরও ৩২ জন। অবৈধ প্রবাসীদের যাতায়াত, আশ্রয় বা কাজে সাহায্য করার অপরাধে ১৯ জনকে চিহ্নিত করেছে প্রশাসন।
অবৈধ প্রবাসীদের আশ্রয় বা কোনো ধরনের সহায়তা দিলে সর্বোচ্চ ১৫ বছরের জেল এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে অপরাধে ব্যবহৃত গাড়ি ও ঘরবাড়িও বাজেয়াপ্ত করা হবে। এমন কোনো অনিয়ম দেখলে দ্রুত পুলিশ বা সংশ্লিষ্ট হটলাইন নম্বরে ফোন করে জানানোর জন্য সাধারণ মানুষের প্রতি অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।