আমার বিরুদ্ধে ব্যবস্থা নিলে বুঝবো ছাত্রদলে বটদের প্রভাবই বেশি: সাংবাদিকদের ওপর হামলাকারী ছাত্রদল নেতা

প্রকাশিত: October 5, 2026

  • শেয়ার করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত ছাত্রদল নেতা আহসান হাবিব বলেছেন, ‘আমার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হলে ধরে নেবো, ছাত্রদল-বিএনপিতে বটদের প্রভাবই সবচেয়ে বেশি’। সোমবার (৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে আহসান হাবিব দাবি করেন, বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের ‘কারচুপির’ রাকসু নির্বাচনে নির্বাচিত জিএস আরিফুল ইসলামকে ধরতে গেলে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর সাংবাদিক পরিচয়ধারী একটি পক্ষ চড়াও হয়। ওই ঘটনায় ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ‘প্রতিহত’ করেছে।

আহসান হাবিব তার পোস্টে সাংবাদিকদের একটি অংশকে ‘গুপ্ত শিবির’ হিসেবে আখ্যায়িত করেন এবং গণমাধ্যমের বড় একটি অংশকে জামায়াতপন্থি বলেও মন্তব্য করেন। একই সঙ্গে তিনি আরিফুল ইসলামকে নিয়ে একাধিক অভিযোগ করেন এবং তাকে সাবেক ছাত্রলীগ নেতা ও সালাউদ্দিন আম্মারের অনুসারী হিসেবে উল্লেখ করেন।

তিনি আরও লেখেন, ‘আমার বিরুদ্ধে কোনও অন্যায়মূলক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলে মনে করবো, ছাত্রদলে ত্যাগী, নির্যাতিত, সাহসী ও যোগ্যদের কোনও জায়গা নেই এবং দলটিতে বটেদের প্রভাবই বেশি।’

এর আগে রবিবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটে। এতে চার সাংবাদিক গুরুতর আহত হন। হামলার ঘটনায় ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

হামলার পর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই ঘটনায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ ক্লাস বর্জন ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

এদিকে হামলার ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেছে হল প্রশাসন। পাশাপাশি ঘটনা তদন্তে কেন্দ্রীয় ছাত্রদলও একটি তদন্ত কমিটি গঠন করেছে। তবে এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।

  • শেয়ার করুন