বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম

প্রকাশিত: October 6, 2026

  • শেয়ার করুন

বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম। মধ্যপ্রাচ্য থেকে তেলের সরবরাহ অব্যাহত থাকা এবং জি-৭-এর জরুরি রিজার্ভ থেকে অতিরিক্ত তেল ছাড়ার খবরে মঙ্গলবারও আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। আলজাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪ সেন্ট কমে ১০০ দশমিক ২৮ ডলারে নেমে এসেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১১ সেন্ট বা ০ দশমিক ১ শতাংশ কমে ৮৯ দশমিক ৩৩ ডলারে বেচাকেনা হচ্ছে।

সাম্প্রতিক সামুদ্রিক যান চলাচল পর্যবেক্ষণসংক্রান্ত উপাত্তে দেখা গেছে, গত মাসের শেষ দিকে টানা চার দিন মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানির পরিমাণ সংঘাতের আগের সময়ের মাত্রাকেও ছাড়িয়ে যায়। ওই তথ্য প্রকাশের পর থেকেই আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজারে দাম কমার প্রবণতা দেখা দেয়।

মধ্যপ্রাচ্যে সংঘাত ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকলেও অঞ্চলটি থেকে জ্বালানি তেলের সরবরাহ এখনো অব্যাহত রয়েছে। হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলে নিরাপত্তা বিঘ্নিত হওয়া এবং সৌদি আরবের অবকাঠামো লক্ষ্য করে হুথি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার মধ্যেও তেল পরিবহন ব্যবস্থা সচল রয়েছে।

এদিকে জি-৭-এর জরুরি রিজার্ভ থেকে অতিরিক্ত তেল বাজারে ছাড়ার সিদ্ধান্তও সরবরাহ পরিস্থিতিতে প্রভাব ফেলছে। ফলে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনার কারণে সরবরাহ নিয়ে যে আশঙ্কা তৈরি হয়েছিল, তা কিছুটা কমেছে বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা।

তবে উপসাগরীয় সমুদ্রপথে নিরাপত্তা ঝুঁকি এখনো পুরোপুরি কাটেনি। এ কারণে তেলের সরবরাহ পরিস্থিতি ও সম্ভাব্য নতুন কোনো সংঘাতের দিকে সতর্ক নজর রাখছেন ব্যবসায়ীরা। আন্তর্জাতিক বাজারে সরবরাহ ও চাহিদার পরিবর্তনের পাশাপাশি মধ্যপ্রাচ্যের পরিস্থিতিও আগামী দিনগুলোতে তেলের দামের গতিপথে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

  • শেয়ার করুন