বরগুনায় পুলিশ লাইনের সামনে বিআরটিসি বাসে আগুন

প্রকাশিত: November 9, 2026

  • শেয়ার করুন

বরগুনায় পুলিশ লাইনের সামনে পার্কিং করে রাখা রাতের আঁধারে একটি বিআরটিসি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (৯ নভেম্বর) দিবাগত রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বাসটির কিছু অংশ পুড়ে গেলেও দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ।

সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, বরগুনা-খুলনা লাইনে চলাচলরত গাড়িগুলো পুলিশ লাইনে পার্কিং করে রাখা হয়। প্রতিদিনের মতো গতকালকেও বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি বাস বরগুনা পুলিশ লাইনের সামনের সড়কে পার্কিং করে রাখা হয়েছিল। তবে মধ্যরাতে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়।

এ সময় পুলিশ লাইন্সের সদস্যরা বাসটিতে আগুন জ্বলতে দেখে দ্রুত পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন। এতে বাসটির কিছু অংশ পুড়ে যায়। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে বাসটি।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ বলেন, মধ্যরাতে পুলিশ লাইনের সামনে পার্কিং করে রাখা বিআরটিসির বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো শনাক্ত করা যায়নি। জড়িতদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ।

  • শেয়ার করুন