প্রকাশিত: May 17, 2026
অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ১১৬টি ওয়েবসাইট শনাক্ত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এসব ওয়েবসাইট বন্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) তালিকা পাঠানো হয়েছে। রবিবার (১৭ মে) রাজধানীর মালিবাগে সিআইডি হেডকোয়ার্টার্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিআইডির অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদ।
সংবাদ সম্মেলনে অনলাইন জুয়ার মাধ্যমে বিদেশে কোটি কোটি টাকা পাচারের সঙ্গে জড়িত একটি চক্রের আট সদস্যকে গ্রেফতারের বিষয়েও বিস্তারিত তুলে ধরা হয়।
মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, সিআইডির সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট ইউনিট অনলাইন জুয়া প্রতিরোধে নিয়মিত সাইবার মনিটরিং কার্যক্রম পরিচালনা করছে।
তিনি জানান, গত ১ মে থেকে ১৭ মে পর্যন্ত পরিচালিত সাইবার পেট্রোলিংয়ে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ১১৬টি ওয়েবসাইট শনাক্ত করা হয়। এসব ওয়েবসাইট বন্ধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তথ্যসহ তালিকা বিটিআরসিতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, অনলাইন জুয়া ও সংশ্লিষ্ট অবৈধ আর্থিক লেনদেন প্রতিরোধে সিআইডির সাইবার মনিটরিং কার্যক্রম নিয়মিতভাবে চলমান রয়েছে। অপরাধের পূর্ণাঙ্গ তথ্য উদঘাটন, অজ্ঞাত সদস্যদের শনাক্তকরণ এবং অন্যান্য আইনানুগ প্রক্রিয়ার স্বার্থে তদন্ত অব্যাহত থাকবে।
ns coll