কিশোরগঞ্জ থেকে ফ্যামিলি কার্ডের মূল কর্মসূচি শুরু ১৬ আগস্ট

প্রকাশিত: August 11, 2026

  • শেয়ার করুন
পাইলট প্রকল্পের পর এবার সারাদেশে ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আগামী ১৬ আগস্ট কিশোরগঞ্জ থেকে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হবে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কর্মসূচির আমন্ত্রণপত্র অনুযায়ী, ১৬ আগস্ট (রোববার) বিকেল সাড়ে ৩টায় কিশোরগঞ্জ পৌরসভার পুরোনো স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবারের অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য— ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। ফ্যামিলি কার্ড বিতরণপর্বে তিনি ১০ জন নারী পরিবারপ্রধানের হাতে কার্ড তুলে দেবেন। এরপর ‘দ্য ডিজিটাল ক্লিক’-এর মাধ্যমে উপকারভোগীদের ফ্যামিলি কার্ডের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করবেন তিনি।

অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদের আসনগ্রহণ, জাতীয় সংগীত পরিবেশন এবং পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠ করা হবে। পরে স্বাগত বক্তব্য দেবেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ।

সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ড. এ জেড এম জাহিদ হোসেন এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য ও পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বক্তব্য দেবেন।

এর আগে গত ১০ মার্চ দিনাজপুর থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচির পাইলট প্রকল্পের উদ্বোধন করা হয়েছিল। পাইলট প্রকল্পের অভিজ্ঞতার পর এবার সারাদেশে কর্মসূচিটির মূল কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

সমাজকল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পরিবারকে সামাজিক নিরাপত্তা ও উন্নয়ন কার্যক্রমের কেন্দ্রীয় একক হিসেবে বিবেচনা করেই ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

  • শেয়ার করুন