প্রকাশিত: August 11, 2026
ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিসিআইয়ের সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলি এবং তার স্ত্রী ডোনা গাঙ্গুলিকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি পাঠানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার (১০ আগস্ট) কলকাতার ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। খবর আনন্দবাজার পত্রিকার।
সৌরভ গাঙ্গুলির ব্যক্তিগত সচিব তানিয়া ভট্টাচার্য থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়েছে, গত কয়েক মাস ধরে অজ্ঞাতপরিচয় ব্যক্তির কাছ থেকে সৌরভ ও তার পরিবারের উদ্দেশে একাধিক হুমকি-চিঠি পাঠানো হচ্ছে।
তানিয়া ভট্টাচার্যের দাবি, শুরুতে বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি সৌরভ ও তার পরিবারের সদস্যরা। তবে সোমবার পাওয়া চিঠিতে সৌরভ ও ডোনা গাঙ্গুলিকে প্রাণনাশের হুমকি দেওয়া হওয়ায় বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে পুলিশকে জানানো হয়।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, প্রায় ছয় মাস ধরে সৌরভের কাছে ইংরেজিতে বেনামি চিঠি পাঠানো হচ্ছে। প্রথম দিকের চিঠিগুলোতে আপত্তিকর ও অশালীন ভাষা ব্যবহার করা হলেও সেগুলোকে গুরুত্ব দেওয়া হয়নি।
তবে সর্বশেষ চিঠিতে সৌরভ ও ডোনাকে সরাসরি হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। চিঠিতে দম্পতিকে নিয়ে ঘৃণাত্মক বক্তব্যও রয়েছে বলে জানা গেছে।
ঘটনাটি জানার পর কলকাতা পুলিশের পাশাপাশি রাজ্যের গোয়েন্দা বিভাগকেও বিষয়টি অবহিত করা হয়েছে। চিঠির প্রেরক হিসেবে ‘অরুণ কুমার’ নামের এক ব্যক্তিকে সন্দেহ করা হচ্ছে। চিঠিতে থাকা একটি ফোন নম্বর ‘ট্রু কলার’ অ্যাপে যাচাই করার পর ওই নামটি পাওয়া গেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
তবে চিঠির প্রকৃত প্রেরক কে, তা এখনো নিশ্চিত নয়। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। পাশাপাশি সৌরভ গাঙ্গুলি ও তার পরিবারের নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।