যেভাবে বাংলাদেশকে নিয়ে বিশ্বকাপে আগফগানিস্তান আর কোয়ালিফায়ারে উইন্ডিজ

প্রকাশিত: August 11, 2026

  • শেয়ার করুন

আয়ারল্যান্ডকে তৃতীয় ওয়ানডেতে ৩ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে যাওয়ার পাশাপাশি বড় অর্জন নিশ্চিত করেছে আফগানিস্তান। এই জয়ের ফলে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট নিশ্চিত করেছে আফগানিস্তান।

আফগানিস্তানের এই জয় বিশ্বকাপের সরাসরি বাছাইয়ের সমীকরণও অনেকটাই পরিষ্কার করেছে। আগামী ৩০ সেপ্টেম্বর কাট-অফ তারিখের পর ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল সরাসরি বিশ্বকাপের মূল পর্বে জায়গা পাবে। তবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা যদি ওই আট দলের মধ্যে থাকে, তাহলে র‍্যাঙ্কিংয়ের নবম দলও সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।

এই সমীকরণেই সুখবর পেয়েছে বাংলাদেশ। বর্তমানে র‍্যাঙ্কিংয়ের নবম অবস্থানে থাকা বাংলাদেশও সরাসরি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে।

ফলে আগামী বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও বাংলাদেশের সরাসরি অংশগ্রহণের পথ নিশ্চিত হয়েছে।

অন্যদিকে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। র‍্যাঙ্কিংয়ের দশম অবস্থানে থাকা ক্যারিবীয়দের কাট-অফের আগে ভারতের বিপক্ষে দুটি ওয়ানডে বাকি থাকলেও ওই দুই ম্যাচ জিতেও বাংলাদেশের অবস্থান টপকে নবম স্থানে ওঠার সুযোগ নেই তাদের।

এর ফলে ওয়েস্ট ইন্ডিজকে এবারও বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে বাছাইপর্বের কঠিন পথ পাড়ি দিতে হবে। টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ বাছাইপর্বে খেলতে হবে ক্যারিবীয়দের।

২০২৩ বিশ্বকাপেও সরাসরি খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। বাছাইপর্বে অংশ নিয়ে সুপার সিক্স পর্বে পঞ্চম অবস্থানে থেকে বিদায় নেয় তারা। এর ফলে ইতিহাসে প্রথমবারের মতো কোনো ওয়ানডে বিশ্বকাপে দর্শক হয়ে থাকতে হয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে।

এবারও মূল বিশ্বকাপে জায়গা করে নিতে আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় বাছাইপর্বে নিজেদের প্রমাণ করতে হবে ক্যারিবীয়দের।

বাছাইপর্বের চ্যাম্পিয়ন দল সরাসরি ২০২৭ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নেবে। এরপর দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দল খেলবে ‘সুপার সিরিজ’ পর্বে। সেখানে সেরা দলও বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে খেলার সুযোগ পাবে।

অর্থাৎ বাছাইপর্বে চ্যাম্পিয়ন হতে না পারলেও ওয়েস্ট ইন্ডিজের সামনে বিশ্বকাপে জায়গা করে নেওয়ার আরেকটি সুযোগ থাকবে।

আফগানিস্তানের আয়ারল্যান্ডের বিপক্ষে জয় তাই শুধু একটি ওয়ানডে ম্যাচের ফল নয়; এর প্রভাব পড়েছে ২০২৭ বিশ্বকাপের সরাসরি বাছাইয়ের পুরো সমীকরণে। এই সমীকরণে আপাতত স্বস্তিতে বাংলাদেশ, আর আবারও বাছাইপর্বের কঠিন পরীক্ষার সামনে ওয়েস্ট ইন্ডিজ।

  • শেয়ার করুন