প্রকাশিত: August 11, 2026
ওমান উপসাগর ও লোহিত সাগরে চলাচলকারী জাহাজে নতুন করে হামলার খবরের মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইরান কোনো এক ধরনের সমঝোতার কাছাকাছি পৌঁছেছে বলে জানিয়েছে পাকিস্তান। একই সময়ে মধ্যস্থতাকারী কাতার জানিয়েছে, হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে আলোচনা অনেকটাই এগিয়েছে। খবর রয়টার্সের। মঙ্গলবার (১১ আগস্ট) পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ব্লুমবার্গ নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, শান্তি চুক্তি বা সমঝোতার পথে পরিস্থিতি আবারও এগোচ্ছে।
তিনি বলেন, গত দুই-তিন দিনের সংকেত বলছে, আমরা কোনো এক ধরনের সমঝোতার খুব কাছাকাছি।
মঙ্গলবার ইরানের রাজধানী তেহরানে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। আরাঘচির টেলিগ্রাম চ্যানেলে বৈঠকের বিষয়টি জানানো হলেও বিস্তারিত কিছু বলা হয়নি। এর আগে, একই দিনে এক ব্রিফিংয়ে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ওমান ও ইরানের মধ্যে আলাদা আলোচনা ‘অগ্রসর পর্যায়ে’ রয়েছে। তবে, এ বিষয়ে তাৎক্ষণিকভাবে মন্তব্যের জন্য ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ দফতরের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। চলমান সংঘাতে পাকিস্তান ও কাতার প্রধান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর থেকে সংঘাতে হাজারো মানুষ নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই ইরান ও লেবাননের নাগরিক। পাল্টা জবাবে ইরান ওমান, জর্ডান, কুয়েত, ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবসহ বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা ও অবকাঠামোতে হামলা চালিয়েছে।