সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে ঝালকাঠির চারটি ইউনিট ছাত্রদলের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে জেলা ছাত্রদল।
বুধবার (১২ আগস্ট) বিকেলে জেলা ছাত্রদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিলুপ্ত করা ইউনিটগুলো হলো—ঝালকাঠি সদর উপজেলা ছাত্রদল, ঝালকাঠি পৌরসভা ছাত্রদল, নলছিটি উপজেলা ছাত্রদল এবং নলছিটি পৌর ছাত্রদল।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলা ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী এসব ইউনিটের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। সাংগঠনিক কার্যক্রম সচল রাখা এবং সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে অচিরেই নতুন কমিটি গঠনের কার্যক্রম শুরু করা হবে।
জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহমেদ সালাউদ্দিন ও সদস্যসচিব সাইদুল ইসলাম রনি এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান বলেন, “সংগঠনের সাংগঠনিক গতিশীলতা ও কার্যক্রমকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই চারটি ইউনিটের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। খুব শিগগিরই যোগ্য, ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের নিয়ে নতুন কমিটি ঘোষণা করা হবে।”
তিনি আরও বলেন, ছাত্রদলকে আরও সুসংগঠিত ও কার্যকর করতে জেলা কমিটি ধারাবাহিকভাবে প্রয়োজনীয় সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করবে।