মালয়েশিয়ায় অবৈধ জুয়ার আস্তানায় অভিযান, তিন বাংলাদেশিসহ আটক ৬

প্রকাশিত: August 13, 2026

  • শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক:

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের সেরি কেমবাঙ্গানের তামান সেরদাং পারদানায় একটি ব্যবসাপ্রতিষ্ঠানের আড়ালে পরিচালিত অবৈধ জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে তিন বাংলাদেশিসহ ছয়জনকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ (জেআইএম)।

বুধবার (১২ আগস্ট) বিকেল ৩টার দিকে পুত্রজায়ায় অবস্থিত ইমিগ্রেশন বিভাগের সদর দপ্তরের বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

জেআইএম জানায়, স্থানীয়দের দেওয়া তথ্য এবং প্রায় এক মাসের গোয়েন্দা নজরদারির ভিত্তিতে ওই প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযানে এক নারীকে কথিত ‘প্রাঙ্গণ তত্ত্বাবধায়ক’ হিসেবে আটক করা হয়। এছাড়া তিন বাংলাদেশি ও দুই ইন্দোনেশীয় নাগরিককে আটক করা হয়েছে। আটক বিদেশিদের বয়স ২০ থেকে ৪৫ বছরের মধ্যে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক নারী নির্ধারিত সময়ের বেশি মালয়েশিয়ায় অবস্থান করছিলেন। অন্য বিদেশিদের কাছে বৈধ পাসপোর্ট বা মালয়েশিয়ায় অবস্থানের প্রয়োজনীয় ভ্রমণ নথি ছিল না।

অভিযানে আটটি ট্যাবলেট, একটি ইন্দোনেশীয় পাসপোর্ট, একটি এসপিএলপি নথি, ব্যবসায়িক লাইসেন্সের একটি কপি এবং জুয়ার একটি ভাউচার জব্দ করা হয়েছে।

ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, কর্তৃপক্ষের নজর এড়াতে একটি সুবিধাজনক দোকানের পেছনে ওই জুয়ার আস্তানা পরিচালনা করা হচ্ছিল। প্রাথমিক তদন্তে জানা গেছে, প্রতিদিন সকাল ৯টা থেকে পরদিন ভোর ৩টা পর্যন্ত সেখানে কার্যক্রম চলত। গত প্রায় চার মাস ধরে প্রতিষ্ঠানটিতে এ ধরনের কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল বলে ধারণা করা হচ্ছে।

আটক ‘প্রাঙ্গণ তত্ত্বাবধায়কের’ বিরুদ্ধে ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩-এর ১৫(১)(সি) ধারা এবং অন্য বিদেশিদের বিরুদ্ধে একই আইনের ৬(১)(সি) ধারায় অভিযোগ আনা হয়েছে।

আটক ছয়জনকে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য পুত্রজায়া ইমিগ্রেশন অফিসে নেওয়া হয়েছে। এ ঘটনায় তদন্তে সহযোগিতার জন্য এক মালয়েশীয় নাগরিক ও এক পাকিস্তানি নাগরিককে ইমিগ্রেশন অফিসে হাজির হওয়ার নোটিশ দেওয়া হয়েছে।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, দেশটির আইনবিরোধী কর্মকাণ্ড বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • শেয়ার করুন