নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রকাশিত: August 15, 2026
শেয়ার করুন
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রকাশিত:
ঢাকা: রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় প্রধানমন্ত্রী হাসপাতাল প্রাঙ্গণে নবনির্মিত ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একটি গাছের চারা রোপণ করেন। পরে মোনাজাতে অংশ নেন এবং বেলুন ও পায়রা উড়িয়ে নতুন ভবনের উদ্বোধন ঘোষণা করেন।
এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শয্যাসংখ্যা বেড়ে ১ হাজার
দেশে স্নায়ুরোগে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা আরও বিস্তৃত করতে হাসপাতালটিতে নতুন করে ৫০০ শয্যা যুক্ত হয়েছে। এর ফলে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের মোট শয্যাসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজারে।
সংশ্লিষ্টদের দাবি, দক্ষিণ এশিয়ার আর কোনো দেশে এত বড় নিউরোসায়েন্সেস হাসপাতাল নেই।
ধাপে ধাপে বেড়েছে হাসপাতালের সক্ষমতা
জানা গেছে, ২০১২ সালে ১০ তলা ভবনে প্রথম ৩০০ শয্যা নিয়ে হাসপাতালটির কার্যক্রম শুরু হয়। রোগীর চাপ বাড়তে থাকায় পরবর্তী সময়ে আরও ২০০ শয্যা যুক্ত করা হয়।
এবার রোগীদের চিকিৎসাসেবা আরও সম্প্রসারণের লক্ষ্যে নবনির্মিত ১৫ তলা ভবনে আরও ৫০০ শয্যা যুক্ত করা হলো।
সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন ভবন চালুর ফলে দেশের স্নায়ুরোগে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ আরও বাড়বে এবং চিকিৎসার জন্য বিদেশমুখিতাও কিছুটা কমবে।