জাতীয় গ্যাস গ্রিডে আবারও গ্যাস সরবরাহ শুরু সামিট এলএনজি টার্মিনালের
প্রকাশিত: August 15, 2026
শেয়ার করুন
জাতীয় গ্যাস গ্রিডে আবারও গ্যাস সরবরাহ শুরু সামিট এলএনজি টার্মিনালের
প্রকাশিত:
ঢাকা: জাতীয় গ্যাস গ্রিডে আবারও গ্যাস সরবরাহ শুরু করেছে সামিট এলএনজি টার্মিনাল। শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টা ১০ মিনিট থেকে টার্মিনালটি গ্যাস সরবরাহ শুরু করে।
সামিটের মুখপাত্র জানান, বর্তমানে জাতীয় গ্রিডে প্রতিদিন প্রায় ১১০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাস সরবরাহ করা হচ্ছে। শনিবার রাত ২টার মধ্যে ধাপে ধাপে সরবরাহ বাড়িয়ে টার্মিনালটির পূর্ণ সক্ষমতা ৫৫০ মিলিয়ন ঘনফুটে উন্নীত করার আশা করা হচ্ছে।
তিনি বলেন, গ্যাসের সরবরাহ বাড়লে শিল্পকারখানা, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রসহ অন্যান্য গ্রাহকের জন্য গ্যাসের প্রাপ্যতা বৃদ্ধি পাবে। এতে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসার পাশাপাশি জ্বালানি ব্যবস্থার ওপর চাপও কিছুটা কমবে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান আব্দুল মান্নান জানান, শুক্রবার সন্ধ্যা থেকেই সামিটের এফএসআরইউ (ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট) থেকে জাতীয় গ্যাস গ্রিডে সরবরাহ শুরু হয়েছে।
তিনি বলেন, “আমরা আশা করছি, ধীরে ধীরে গ্যাসের চাপ বাড়বে এবং মধ্যরাতের মধ্যে পূর্ণমাত্রায় সরবরাহে পৌঁছাবে।”
পেট্রোবাংলার চেয়ারম্যান আরও জানান, সামিটের পাশাপাশি এক্সিলারেট এনার্জির এফএসআরইউ থেকেও জাতীয় গ্যাস গ্রিডে গ্যাস সরবরাহ অব্যাহত রয়েছে। এর ফলে জাতীয় গ্রিডে মোট গ্যাসের সরবরাহ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
গ্যাস সরবরাহ বাড়ায় শিল্প ও বিদ্যুৎ খাতে কিছুটা স্বস্তি ফিরবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।