প্রকাশিত: August 15, 2026
ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ও উত্তেজনার মধ্যেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণা করার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইরান জানিয়েছে, হরমুজ প্রণালী ইরানের ছিল, আছে এবং থাকবে। প্রণালীটি কখন বন্ধ বা খোলা হবে, সেই সিদ্ধান্তও তেহরানই নেবে বলে দাবি করেছে দেশটি।
তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্কের পুলিশ একাডেমি সেন্টার ফর ট্রেনিং অ্যান্ড ইন্টেলিজেন্সে শুক্রবার দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, খুব শিগগিরই তিনি হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণা করতে যাচ্ছেন।
ট্রাম্পের বক্তব্যের পর ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, হরমুজ প্রণালী ‘ইরানের ছিল, ইরানের আছে এবং ইরানেরই থাকবে’।
এদিকে ট্রাম্পের বক্তব্যের সময় হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলও প্রায় স্থবির হয়ে পড়ে। কেপলার ডেটা অনুযায়ী, শুক্রবার মাত্র দুটি জাহাজ প্রণালীটি অতিক্রম করেছে। কোনো অপরিশোধিত তেলবাহী জাহাজের চলাচল দেখা যায়নি।
যুদ্ধ শুরুর আগে এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে প্রতিদিন ১৩০টির বেশি জাহাজ চলাচল করত। ফলে হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি অবস্থান আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।