বাংলাদেশিদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

প্রকাশিত: August 15, 2026

  • শেয়ার করুন

পোল্যান্ডে বসবাসরত বাংলাদেশিদের সামাজিক মাধ্যম দায়িত্বশীল ও বিচক্ষণভাবে ব্যবহারের আহ্বান জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দূতাবাস জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক নির্দেশনার পরিপ্রেক্ষিতে পোল্যান্ডে বসবাসরত বাংলাদেশিদের এমন কোনো বক্তব্য, আচরণ, কর্মকাণ্ড বা প্রচার থেকে বিরত থাকতে হবে, যা বিভ্রান্তিকর, অসত্য, উসকানিমূলক, আপত্তিকর কিংবা পোল্যান্ডের প্রচলিত আইন ও বিধিবিধানের পরিপন্থি হতে পারে।

দূতাবাসের দেওয়া নির্দেশনাগুলো হলো—

১. পোল্যান্ডের প্রচলিত আইন ও বিধিবিধান যথাযথভাবে মেনে চলতে হবে।

২. কোনো তথ্য, বক্তব্য বা কনটেন্ট প্রকাশের আগে এর সত্যতা ও সম্ভাব্য প্রভাব যাচাই করতে হবে।

৩. অসত্য, বিভ্রান্তিকর, আইনবিরোধী বা উসকানিমূলক বক্তব্য ও কনটেন্ট থেকে বিরত থাকতে হবে।

৪. অনলাইন ও অফলাইন—উভয় ক্ষেত্রেই দায়িত্বশীল, সংযত ও আইনসম্মত আচরণ করতে হবে।

৫. ব্যক্তিগত কর্মকাণ্ডের মাধ্যমে যেন বাংলাদেশি কমিউনিটির সুনাম ও মর্যাদা ক্ষুণ্ন না হয়, সে বিষয়ে সচেতন থাকতে হবে।

৬. পোল্যান্ডে বসবাস, কাজ ও ব্যবসার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আইন ও নির্দেশনা অনুসরণ করতে হবে।

দূতাবাসের মতে, দায়িত্বহীন সামাজিক মাধ্যম ব্যবহার শুধু ব্যক্তিগতভাবে নয়, পোল্যান্ডে বসবাসরত পুরো বাংলাদেশি কমিউনিটির ভাবমূর্তি ও সুনামের ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

  • শেয়ার করুন