প্রকাশিত: August 15, 2026
‘১৯৭১ সালে ভুল করা’ একটি রাজনৈতিক দলকে উসকানির রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৫ আগস্ট) সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজধানীর মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে দুস্থ, অসহায় ও অসুস্থ মানুষের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ তাদের ভাগ্যের পরিবর্তন দেখতে চায়। তারা প্রিয় মাতৃভূমিকে ধীরে ধীরে উন্নতির দিকে এগিয়ে যেতে দেখতে চায়।
তিনি বলেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে, শ্রমিকের হাতে রূপান্তর করতে হবে। কর্মসংস্থান ও উৎপাদন বাড়িয়ে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে হবে।
চলমান বিদ্যুৎ ও গ্যাস সংকট নিয়ে বিভিন্ন অপপ্রচারের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সংকট সমাধানে অন্য কোনো রাজনৈতিক দলের কাছে সরকারের চেয়ে ভালো পরিকল্পনা থাকলে সেটি গ্রহণ ও বাস্তবায়ন করা হবে।
তবে জনগণকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে অপপ্রচার চালানো হলে সংশ্লিষ্টদের জনগণের কাছেই ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেন তিনি।
তারেক রহমান বলেন, জনগণকে বিভ্রান্ত করা কোনো রাজনীতিবিদের কাজ নয়। বরং জনগণকে ধৈর্য ধরতে শেখানো এবং সঠিক পথ দেখানোই একজন রাজনীতিবিদের দায়িত্ব।
দেশে বিশৃঙ্খলার রাজনীতির দিন শেষ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, মিথ্যাচার ও বিশৃঙ্খলার রাজনীতি অতীতে স্বৈরাচারী সরকার করেছে। বর্তমান রাজনীতিবিদদের জনগণের কাছে উন্নয়নের প্রতিশ্রুতি রয়েছে।
তাই হঠকারিতা ও বিভ্রান্তির রাজনীতি বাদ দিয়ে মানুষের কল্যাণে বাস্তবসম্মত পরিকল্পনা উপস্থাপনের আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, রাস্তায় দাঁড়িয়ে ভাঙচুর করার রাজনীতির দিন এখন নেই। জনগণও আর এ ধরনের রাজনীতি সমর্থন করে না।
ঢাকা-১৭ আসনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ওই আসনে তাদের প্রতিনিধিরা জনগণের সেবায় কাজ করছেন। পাশের একটি লেক পরিষ্কার করতেই ছয় মাস সময় লেগেছে। এসব কাজ সহজ নয়, তবে সমালোচনা করা সহজ।
তিনি সমালোচনায় ব্যস্ত ব্যক্তিদের মাঠে নেমে মানুষের জন্য কাজ করার আহ্বান জানান। একইসঙ্গে সঠিক কথা বলা এবং দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হয়—এমন বক্তব্য থেকে বিরত থাকার পরামর্শ দেন।
বিএনপির নেতাকর্মীদের রাজনৈতিক ভূমিকা তুলে ধরে তারেক রহমান বলেন, স্বৈরাচারের সঙ্গে যুদ্ধ করে বিএনপির নেতাকর্মীরা রাজপথে টিকে ছিলেন।
তিনি দাবি করেন, গত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীদের নির্যাতন, গুম ও হত্যার শিকার হতে হয়েছে।
এরপর একটি রাজনৈতিক দলের অতীত রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ওই দলের নেতারা ১৯৭১ সালে ভুল করেছেন, ১৯৮৬ সালে ভুল করেছেন, ১৯৯৬ সালে ভুল করেছেন এবং ২০২৬ সালেও মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছেন বলে তিনি মনে করেন।
তিনি ওই রাজনৈতিক দলকে উসকানির রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান।
তারেক রহমান বলেন, মানুষের উপকারে কোনো পরিকল্পনা থাকলে তা সংসদে উপস্থাপন করতে হবে এবং জনগণের সামনে তুলে ধরতে হবে। সরকার ভালো পরিকল্পনা পেলে তা বাস্তবায়নে কাজ করবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ এবং ঢাকা-১৭ আসনের প্রতিনিধি আবদুর রহমান সানীর সভাপতিত্বে দুস্থ, অসহায় ও অসুস্থ মানুষের মধ্যে চেক বিতরণ করা হয়।
এ সময় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।