বগুড়া নয়, ও বাংলাদেশের ছেলে— ম্যাচ জয়ের পর তানজিদকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী

প্রকাশিত: August 16, 2026

  • শেয়ার করুন

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয় পেয়েছে বাংলাদেশ। গৌরবের এই জয়ে জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৬ আগস্ট) কিশোরগঞ্জের উদ্দেশে যাত্রাপথে ক্রিকেটারদের সঙ্গে ভিডিও কলে কথা বলেন তিনি

পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী রোববার সকালে ঢাকা থেকে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। পথেই বাংলাদেশের ঐতিহাসিক জয়ের খবর পান তিনি। এরপর ক্রিকেটারদের অভিনন্দন জানাতে তাদের সঙ্গে ভিডিও কলে যুক্ত হন।

প্রধানমন্ত্রী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, হাসান মাহমুদ, মুশফিকুর রহিমসহ দলের বেশ কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে কথা বলেন। ভিডিও কলে বিসিবি সভাপতি তামিম ইকবালও যুক্ত ছিলেন।

এ সময় ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করা ক্রিকেটারদের প্রশংসা করেন বিসিবি সভাপতি। বিশেষভাবে হাসান মাহমুদ ও মিরাজের পাঁচ উইকেট এবং প্রথম ইনিংসে তানজিদ হাসানের সেঞ্চুরির কথা উল্লেখ করেন তিনি।

একপর্যায়ে তানজিদ হাসানকে প্রধানমন্ত্রীর নিজ জেলা বগুড়ার খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দিতে গেলে প্রধানমন্ত্রী বলেন, ‘বগুড়ার নয়, ও বাংলাদেশের ছেলে। সে বগুড়াকে নয়, বাংলাদেশের প্রতিনিধিত্ব করে।’

ভিডিও কলে ক্রিকেটারদের শারীরিক অবস্থার পাশাপাশি দেশের বাইরে তাদের আবহাওয়া ও অন্যান্য বিষয়েও খোঁজখবর নেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয় পেয়েছে বাংলাদেশ। ম্যাচে জয়ের জন্য মাত্র ৫৭ রানের লক্ষ্য পায় টাইগাররা। সেই লক্ষ্য ৯ উইকেট হাতে রেখেই পেরিয়ে যায় নাজমুল হোসেন শান্তর দল। দুই ম্যাচের সিরিজে বাংলাদেশ এখন ১-০ ব্যবধানে এগিয়ে

  • শেয়ার করুন