ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় ১১ বাংলাদেশির মৃত্যুর দাবি
প্রকাশিত: August 16, 2026
শেয়ার করুন
ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় ১১ বাংলাদেশির মৃত্যুর দাবি
প্রকাশিত:
লিবিয়া থেকে সাগরপথে অবৈধভাবে গ্রিসে যাওয়ার সময় ভূমধ্যসাগরে অন্তত ১১ বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিরা।
সোমবার (৩ আগস্ট) রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে লিবিয়ার তাবারুক উপকূল থেকে নৌকাটি গ্রিসের উদ্দেশে রওনা হয়। তাদের মধ্যে ৩৮ জন বাংলাদেশি ছিলেন বলে জানা গেছে।
যাত্রার পর ঝড়ের কবলে পড়ে নৌকার খাবার ও পানির মজুত সাগরে ভেসে যায়। পরে গ্রিসের কাছাকাছি পৌঁছে ইঞ্জিন বিকল হয়ে গেলে নৌকাটি টানা নয় দিন ভূমধ্যসাগরে ভাসতে থাকে। খাবার ও পানির সংকটে কয়েকজনের মৃত্যু হয় বলে জীবিতরা জানিয়েছেন।
সুনামগঞ্জের আব্দুল করিমের ভাষ্য অনুযায়ী, নয়জন বাংলাদেশি চোখের সামনে মারা যান। পরে আরও দুজনের মৃত্যু হয়। মরদেহগুলোতে পচন ধরে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় সেগুলো সাগরে ফেলে দিতে বাধ্য হন তারা।
পরে বাতাসের স্রোতে নৌকাটি মিশরের মারসা মাতরুহ উপকূলের কাছে পৌঁছালে নিরাপত্তা বাহিনী অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধার করে। উদ্ধার হওয়া বাংলাদেশিদের মধ্যে ১৮ জনকে মারসা মাতরুহ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।
বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, আহত বাংলাদেশি নাগরিকদের চিকিৎসার বিষয়ে তারা নিয়মিত খোঁজখবর রাখছে। সুস্থ হওয়ার পর মিশরের আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আটক বাংলাদেশিদের ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরানোর ব্যবস্থা করা হবে।