নিউইয়র্কে শামীম ওসমানকে ঘিরে বিক্ষোভ, উত্তেজনার পর স্থান ত্যাগ

প্রকাশিত: August 16, 2026

  • শেয়ার করুন
যুক্তরাষ্ট্রে সফররত নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা শামীম ওসমানকে লক্ষ্য করে নিউইয়র্কে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও যুবদলের নেতাকর্মীরা।

স্থানীয় সময় শনিবার (১৫ আগস্ট) রাতে ব্রুকলিনের চার্চ-ম্যাকডোনাল্ড এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় স্বেচ্ছাসেবক দল নেতা বাদল মির্জার নেতৃত্বে শতাধিক নেতাকর্মী বিক্ষোভে অংশ নেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

জানা গেছে, ১৫ আগস্ট উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত একটি আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে শামীম ওসমানের উপস্থিত থাকার কথা ছিল। বিষয়টি জানতে পেরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সেখানে বিক্ষোভ মিছিল বের করেন এবং শামীম ওসমানের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অপ্রীতিকর ঘটনা এড়াতে শামীম ওসমান দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন বলে দাবি করেছেন আয়োজকরা।

বিক্ষোভে নেতৃত্ব দেওয়া বাদল মির্জা বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের আন্দোলন অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, আওয়ামী লীগের যেকোনো নেতার প্রকাশ্য উপস্থিতির বিরুদ্ধে তারা প্রতিবাদ করবেন।

বিক্ষোভে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি মোস্তফা কামাল পাশা বাবুল, বিএনপি নেতা সালেহ আহমদ মানিকসহ বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর শামীম ওসমান দেশ ছাড়েন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এরপর থেকে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বলে জানা যায়।

  • শেয়ার করুন