জ্বালানি সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগতে পারে: অর্থমন্ত্রী

প্রকাশিত: August 16, 2026

  • শেয়ার করুন
দেশের চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট সমাধানে অন্তত দুই বছর সময় লাগতে পারে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

রোববার রাজধানীর একটি হোটেলে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বিদ্যুৎ ও গ্যাস সংকট ছয় মাস বা এক বছরের মধ্যে পুরোপুরি সমাধান করা সম্ভব নয়। সংকট কাটিয়ে উঠতে কমপক্ষে দুই বছর সময় লাগতে পারে। তবে দ্রুত পরিস্থিতির উন্নয়নে সরকার কাজ করছে।

তিনি জানান, ভাসমান এলএনজি টার্মিনাল এবং স্থলভাগে গ্যাস সংরক্ষণাগার নির্মাণের পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে এ বিষয়ে বিস্তারিত ঘোষণা আসতে পারে।

বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে আমির খসরু বলেন, দেশে পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা রয়েছে। তবে বর্তমানে সঞ্চালন ব্যবস্থা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

সরকার বিদ্যুৎ ও জ্বালানির একটি সমন্বিত ‘এনার্জি মিক্স’ নীতি চূড়ান্ত করছে বলেও জানান তিনি। এতে নবায়নযোগ্য জ্বালানি, গ্যাসভিত্তিক বিদ্যুৎ এবং কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন—সবকিছুকেই বিবেচনায় রাখা হচ্ছে।

এদিকে রাজস্ব খাত সংস্কারের অংশ হিসেবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দুই ভাগে ভাগ করার পরিকল্পনার কথাও জানান অর্থমন্ত্রী। এতে কর নীতি প্রণয়ন এবং নীতি বাস্তবায়নের দায়িত্ব আলাদা হবে।

তিনি বলেন, কর নীতি নির্ধারণের দায়িত্ব আমলাতান্ত্রিক প্রতিষ্ঠানের পরিবর্তে বিশেষজ্ঞদের নিয়ে গঠিত একটি গ্রুপের হাতে দেওয়ার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে কর রিটার্ন, রিফান্ডসহ বিভিন্ন সেবা পুরোপুরি স্বয়ংক্রিয় ও অনলাইনভিত্তিক করার কাজ চলছে।

সরকারের নিয়ন্ত্রণমুক্তকরণ বা ডি-রেগুলেশন কার্যক্রম তদারকিতে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে বলেও জানান তিনি। সংস্থাগুলো সরকারের ঘোষিত সংস্কার ও নিয়ন্ত্রণমুক্তকরণ কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়ন করছে কি না, তা নিয়মিত পর্যবেক্ষণ করবে এই টাস্কফোর্স।

  • শেয়ার করুন