ব্রাজিলের রিও ডি জেনেইরো শহরের উত্তরে পাহাড়ি এলাকায় বাস উল্টে অন্তত আটজন নিহত হয়েছেন। রোববার (১৬ আগস্ট) ভোরে পেট্রোপোলিস শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে।
দেশটির দমকল বাহিনী জানিয়েছে, দুর্ঘটনার পর বাসে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে উদ্ধারকর্মীদের মাটি খনন করতে হয়েছে। ঘটনাস্থল থেকে মোট ৪৯ জনকে উদ্ধার করা হয়। এর মধ্যে আটজনকে মৃত অবস্থায় পাওয়া যায়।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আহত আরও দুজনকে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে নারী ও এক কন্যাশিশুও রয়েছে।
দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।
ব্রাজিলে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা প্রায়ই ঘটে। চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশটির উত্তর-পূর্বাঞ্চলে একটি বাস দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত হন। এর আগে গত বছরের অক্টোবরে পার্নামবুকো রাজ্যে বাস দুর্ঘটনায় ১৭ জনের মৃত্যু হয়েছিল।