ইয়েমেন ও সোমালিয়া উপকূলে ২২ ভারতীয় নাবিকসহ দুটি জাহাজ ছিনতাই

প্রকাশিত: August 22, 2026

  • শেয়ার করুন

ইয়েমেন ও সোমালিয়া উপকূলে পৃথক দুটি ঘটনায় ২২ জন ভারতীয় নাবিকসহ দুটি বাণিজ্যিক জাহাজ ছিনতাই করেছে সশস্ত্র জলদস্যুরা। তবে জাহাজে থাকা ভারতীয় ক্রু সদস্যরা সবাই নিরাপদ রয়েছেন বলে ভারতের জাহাজ চলাচল মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
প্রথম ঘটনাটি ঘটে গত ১৭ আগস্ট সোমালিয়ার পান্টল্যান্ড উপকূলে। সেখানে ক্যামেরুনের পতাকাবাহী ‘এম/ভি লুতুফ নামের একটি কার্গো জাহাজে একে-৪৭ অস্ত্রে সজ্জিত আটজন জলদস্যু উঠে নিয়ন্ত্রণ নেয় এবং সেটিকে সোমালিয়ার নুগাল উপকূলের দিকে নিয়ে যায়।
জাহাজটিতে থাকা ১০ জন ক্রুর মধ্যে ৬ জন ভারতীয় ছাড়াও তুরস্ক, জর্জিয়া ও সার্বিয়ার নাগরিক রয়েছেন। জাহাজটিতে মোগাদিসুর একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রের জন্য সরঞ্জাম নেওয়া হচ্ছিল।
এর তিন দিন পর, ২০ আগস্ট ইয়েমেন উপকূলের কাছে এডেন উপসাগরে ইরিত্রিয়ার পতাকাবাহী তেলবাহী ট্যাংকার ‘এম.টি. সিবু ১’ ছিনতাইয়ের শিকার হয়। ছয়জন সশস্ত্র জলদস্যু জাহাজটিতে উঠে নিয়ন্ত্রণ নিয়ে সেটির গতিপথ সোমালিয়ার দিকে ঘুরিয়ে দিতে বাধ্য করে। এই জাহাজটিতে থাকা ২০ জন ক্রুর মধ্যে ১৬ জনই ভারতীয় নাগরিক।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, ঘটনার পর থেকে তারা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে চলছেন এবং ক্রুরা নিরাপদে রয়েছেন।

  • শেয়ার করুন