প্রকাশিত: August 24, 2026
কলকাতার নিউমার্কেট এলাকায় ‘শিখা ইন’ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর অগ্নিনিরাপত্তা নিয়ে কঠোর অবস্থানে গেছে প্রশাসন। এরই মধ্যে মাত্র ৪৮ ঘণ্টায় ২২১টি আবাসিক হোটেল ও ৯টি রেস্তোরাঁ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। ফলে ওই এলাকায় অবস্থানরত বাংলাদেশি পর্যটক ও চিকিৎসা নিতে যাওয়া মানুষজন পড়েছেন বড় ধরনের আবাসন সংকটে।
সোমবার (২৪ আগস্ট) সকাল থেকেই নিউমার্কেট এলাকার বিভিন্ন হোটেল থেকে পর্যটকদের বের হয়ে যেতে দেখা যায়। কেউ নতুন করে থাকার জায়গা খুঁজছেন, আবার কেউ নির্ধারিত সময়ের আগেই দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন।
প্রশাসনের অভিযানে মূলত যেসব হোটেলে ফায়ার লাইসেন্স, অগ্নি-নিরাপত্তা অডিট, পুলিশের অনুমতি, ফায়ার অ্যালার্ম কিংবা জরুরি বহির্গমনের সিঁড়ির মতো মৌলিক নিরাপত্তাব্যবস্থা নেই, সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
‘শিখা ইন’ হোটেলে আগুন লাগার পর নিউমার্কেট থানার পুলিশ এলাকায় অগ্নিনিরাপত্তা ব্যবস্থা পরীক্ষা শুরু করে। অভিযানে প্রশাসনের কর্মকর্তারাও অংশ নেন। এর আগে কলকাতা শহরের হোটেলগুলোর নিরাপত্তা পর্যালোচনায় একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। কলকাতা পুলিশ, পৌরসভা, ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার সমন্বয়ে গঠিত কমিটি শহরের ৩ হাজার ৫০০টির বেশি হোটেল পরিদর্শন করবে।
হোটেল বন্ধের ঘটনায় সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন নিউমার্কেট এলাকায় থাকা বাংলাদেশি নাগরিকরা। বর্তমানে কলকাতায় প্রায় ১১ হাজার বাংলাদেশি পর্যটক অবস্থান করছেন বলে সংশ্লিষ্টদের দাবি। এর মধ্যে প্রায় ৭ হাজারই নিউমার্কেট ও আশপাশের এলাকায় থাকছেন।