ঘরে থেকে ২৫ ডিমসহ বিষধর পদ্ম গোখরা উদ্ধার

প্রকাশিত: August 29, 2026

  • শেয়ার করুন

চট্টগ্রামের বোয়ালখালীতে বসতঘরে পাওয়া গেছে ২৫টি ডিমসহ একটি বিষধর পদ্ম গোখরা।

শুক্রবার (২৮ আগস্ট) দিবাগত রাত ১১টার দিকে অক্ষত অবস্থায় সাপ ও ডিমগুলো উদ্ধার করা হয়। ডিমসহ পদ্ম গোখরা সাপটি উদ্ধার করেন ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিমের সদস্য আমীর হোসাইন শাওন।

শনিবার (২৯ আগস্ট) সকালে সাপটি জঙ্গলে অবমুক্ত করে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিমের সদস্য আমীর হোসাইন শাওন জানান, উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ঠাকুর বাড়ি এলাকার বিপ্লবের বসতঘরের বারান্দায় বস্তাভর্তি বালি আর ভাঙা ইটের টুকরো স্তূপ করে রেখে ছিল পরিবারটি। সেখান থেকে বালি আনতে গিয়ে তারা সাপটির দেখা পেয়েছেন।

শাওন বলেন, খবর পেয়ে প্রায় ৫ ফুট দৈর্ঘ্যের পদ্ম গোখরা সাপটি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া সাপটির ২৫টি অক্ষত ডিম এবং ১টি খোলস পেয়েছি। ডিমগুলো ফোটানোর জন্য প্রাকৃতিকভাবে রাখা হয়েছে। সাপটি জঙ্গলে অবমুক্ত করে দেওয়া হয়েছে।

 

  • শেয়ার করুন