চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১৫

প্রকাশিত: November 9, 2026

  • শেয়ার করুন

চট্টগ্রামে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। সোমবার (৯ নভেম্বর) সকালে নগরীর পতেঙ্গা এলাকায় পোশাকশ্রমিকদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে ধাক্কা দিলে একজন নিহত ও ১৫ জন আহত হন। একই দিন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ডাকবাংলো এলাকায় বাসচাপায় আরও একজন নিহত হয়েছেন।

নগরীর পতেঙ্গায় নিহত ব্যক্তির নাম মো. আলমগীর। তিনি দুর্ঘটনাকবলিত বাসটির হেলপার ছিলেন। আহত ব্যক্তিরা কেইপিজেড এলাকার বেনকট নামে একটি পোশাক কারখানার শ্রমিক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করেছে পুলিশ। পাশাপাশি বাসের চালককে আটক করা হয়েছে।

অন্যদিকে, সোমবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ডাকবাংলো এলাকায় বাসচাপায় আরও একজন নিহত হন। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

  • শেয়ার করুন