প্রকাশিত: August 31, 2026
কক্সবাজারের মহেশখালীতে সিএনজিচালিত অটোরিকশা তল্লাশি চালিয়ে আটটি আগ্নেয়াস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৩০ আগস্ট) দুপুরে মহেশখালী থানায় প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করা হয়। গত শনিবার (২৯ আগস্ট) রাত ১০টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন- মহেশখালীর ঠাকুরতলা এলাকার মানিক দে (৩৮) এবং চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের মো. রুবেল মিয়া (৩৪)। তাদের কাছ থেকে উদ্ধার করা আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে একটি রাইফেল, ছয়টি একনলা বন্দুক ও একটি এলজি।
প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান বলেন, মহেশখালী থেকে একটি অস্ত্রের চালান চট্টগ্রামে পাচার হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে ছোট মহেশখালী ইউনিয়নের ঠাকুরতলা চৌরাস্তা মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে পুলিশ। পরে সিএনজিচালিত অটোরিকশাকে সন্দেহ হলে থামানোর সংকেত দেওয়া হয়। এ সময় গাড়িতে থাকা কয়েকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দুজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। অটোরিকশায় থাকা একটি ট্র্যাভেল ব্যাগে তল্লাশি করে সাদা ও কালো পলিথিনে মোড়ানো আটটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়।
মহেশখালী থানার ওসি আবদুস সুলতান বলেন, অভিযানে আটক দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। মামলাটিতে গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে সোপর্দ করা হয়। অটোরিকশা থেকে নেমে পালিয়ে যাওয়া অন্য দুজনকে গ্রেপ্তারে অভিযান চলছে।