প্রকাশিত: August 31, 2026
দেশের চার জেলায় পৃথক ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা করেছেন সংশ্লিষ্ট আদালতগুলো। এতে জামালপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৩ জন এবং বগুড়া, ময়মনসিংহ ও ফরিদপুরের হত্যা মামলাগুলোতে মোট ৩ জনসহ মোট ৬ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া এসব মামলায় আরও ৬ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত
জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ: জামালপুর সদর উপজেলার রশিদপুর এলাকায় এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে অপহরণের দায়ে তাদের প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড এবং দুই লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক আব্দুর রহিম এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন—ছাত্তার আলী, আব্দুল মালেক ও আনোয়ার। মামলার বিবরণে জানা যায়, ভুক্তভোগীর স্বামী দ্বিতীয় বিয়ে করে ঢাকায় থাকায় তিনি সন্তানসহ একা বসবাস করতেন। এই সুযোগে ২০২৪ সালের ১৯ অক্টোবর আসামিরা তাকে সংঘবদ্ধ ধর্ষণ করে। পরে ভুক্তভোগী নিজে বাদী হয়ে মামলা দায়ের করেন।
বগুড়ায় হৃদয় হত্যা মামলা: বগুড়ায় চাঁদার দাবিতে হৃদয় নামে এক যুবককে হত্যার দায়ে ২ আসামিকে মৃত্যুদণ্ড এবং ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। অতিরিক্ত জেলা জজ-৫-এর বিচারক কৌশিক আহমেদ খোন্দকার এ রায় ঘোষণা করেন। একই সাথে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষ জানায়, ২০২১ সালের ২০ জুলাই শহরের কৈপাড়া এলাকায় চাঁদা না পেয়ে আসামিরা হৃদয়কে হত্যা করে। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে মামলা দায়ের করেছিলেন।
ময়মনসিংহ ও ফরিদপুরে হত্যা মামলার রায়: এদিকে ময়মনসিংহ ও ফরিদপুরে পৃথক দুটি হত্যা মামলার রায়ে আদালত একজনকে মৃত্যুদণ্ড এবং তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন।