বাংলাদেশে বেড়াতে এসে ভারতীয় নাগরিকের মৃত্যু

প্রকাশিত: September 2, 2026

  • শেয়ার করুন

যশোরের বেনাপোলে ভারত ফেরার পথে গৌতম মিস্ত্রি (৫৫) নামে এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে।

 

 

 

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে বেনাপোল স্থলবন্দর এলাকায় গাড়ি থেকে নামার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

 

 

 

গৌতম মিস্ত্রি কলকাতার রমনী মিস্ত্রির ছেলে। তার স্ত্রী জাহানারা মিস্ত্রি জানান, গত ২২ আগস্ট তারা স্বামীকে নিয়ে বরিশালে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। ১২ দিন পর বুধবার ভারতে ফেরার জন্য বেনাপোলে আসেন। গাড়ি থেকে নামার পরই গৌতম অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।

 

 

শার্শা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক পারভেজ বলেন, বেনাপোল স্থলবন্দর এলাকার জিএম বাস কাউন্টারের সামনে গৌতম মিস্ত্রি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক তার মৃত্যু নিশ্চিত করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।

 

 

 

 

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান বলেন, ভারতীয় পাসপোর্টধারী এক যাত্রীর মৃত্যুর খবর তিনি পেয়েছেন। নিহতের স্ত্রী তার দপ্তরে এসেছিলেন। ভারতীয় হাইকমিশন থেকে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের পরামর্শ দেওয়া হয়েছে। কাগজপত্র পাওয়ার পর ভারতীয় ইমিগ্রেশনের সঙ্গে যোগাযোগ করে মরদেহ হস্তান্তরের ব্যবস্থা করা হবে।

  • শেয়ার করুন