স্ত্রীকে গলাটিপে হত্যায় স্বামীর যাবজ্জীবন, শ্বশুর-শাশুড়ির ২ বছরের কারাদণ্ড

প্রকাশিত: September 2, 2026

  • শেয়ার করুন

নাটোরে স্ত্রী মরিয়ম খাতুনকে (২০) গলাটিপে হত্যার দায়ে স্বামী মো. ফরহাদ হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। অনাদায়ে ফরহাদ হোসেনকে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

 

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে নাটোর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন।

 

 

একই মামলায় তথ্য ও আলামত গোপনের অভিযোগে নিহতের শ্বশুর মো. ফজলুর রহমান এবং শাশুড়ি মোছা. ফাহিমা বেগমকে ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অনাদায়ে তাদের আরও ৪ মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

 

 

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৪ সালে নাটোরের গুরুদাসপুর উপজেলার পিপলা গ্রামের মো. ফজলুর রহমানের ছেলে ফরহাদ হোসেনের সঙ্গে বামনবাড়িয়া গ্রামের মো. আমিরুল মণ্ডলের মেয়ে মরিয়ম খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুক ও পারিবারিক নানা বিষয়ে মরিয়মের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো।

 

 

পরবর্তীতে ২০১৬ সালের ১৫ ফেব্রুয়ারি রাতে খবর পেয়ে স্বজনরা শ্বশুরবাড়িতে গিয়ে মরিয়মের নিথর দেহ দেখতে পান। তার গলায় আঙুলের স্পষ্ট দাগ ছিল। পারিবারিক বিরোধের জের ধরে স্বামী ও শ্বশুরবাড়ির লোকরা মরিয়মকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে জানা যায়। এ ঘটনায় নিহতের বাবা মো. আমিরুল মণ্ডল বাদী হয়ে গুরুদাসপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

 

 

নাটোর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগর জানান, সাক্ষ্য-প্রমাণ ও দীর্ঘ শুনানি শেষে আসামিদের উপস্থিতিতে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় প্রদান করেন।

  • শেয়ার করুন