শেখ হাসিনার ফেরা, মৃত্যু কিংবা কবর কিছুই দেশে হবে না: সারজিস আলম

প্রকাশিত: September 8, 2026

  • শেয়ার করুন

১৪শ’ মানুষকে হত্যা করে দেশের মানুষের ভয়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনা কখনো এই দেশে ফিরবে না, তার মৃত্যু ও কবর কিছুই দেশে হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা একটায় বরগুনার একটি রেস্টুরেন্টে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে সারজিস আলম বলেন, কথার ফুলঝুরি শুনতে চাই না, আমরা দেখতে চাই বিভিন্ন বিষয়ে কাজে পরিণত করবেন। বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, তাদের নিজস্ব সমস্যা স্বীকার করতে চায় না। চাঁদাবাজ, সন্ত্রাসী, দলীয়করণ এবং আওয়ামী দোসরদের আশ্রয়-প্রশ্রয় দেয়া হচ্ছে। এভাবে দলীয় পদ-পদবি দেখে অপরাধীদের আশ্রয় দিলে এক সময় বিএনপি অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হবে।

অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনা ইঙ্গিত দিয়ে এনসিপির এই নেতা আক্ষেপ করে বলেন, হামলার ঘটনায় বিএনপির পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখছি না, যা অত্যন্ত দুঃখজনক। এই হামলাকারীদের দ্রুত বিচার নিশ্চিত করতে সরকারকে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

দেশের বর্তমান বিদ্যুৎ ও গ্যাস সংকটের জন্য সম্পূর্ণভাবে সরকারি অব্যবস্থাপনাকে দায়ী করে সারজিস আলম বলেন, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে অবিলম্বে মাদক নির্মূল করতে হবে।

লংমার্চ প্রসঙ্গে তিনি স্পষ্ট করেন যে, লংমার্চের উদ্দেশ্য সরকার পতন ঘটানো নয়। ২০২৪ এ স্বৈরাচারের মসনদ ভাঙার লংমার্চ ছিল, আর ২০২৬ এ হচ্ছে জনগণের অধিকার প্রতিষ্ঠার লংমার্চ। এনসিপি আগামী দিনে স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে সাংগঠনিক প্রস্তুতি নিচ্ছে বলেও তিনি গণমাধ্যমকে অবহিত করেন।

একই সময়ে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার সরকারের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, জুলাই সনদ নিয়ে সরকার প্রতারণার আশ্রয় নিয়েছে। জুলাই সনদ, সংবিধান সংস্কার সঠিকভাবে বাস্তবায়ন না হলে বিএনপি সরকার পাঁচ বছর টিকে থাকতে পারবে না বলে তিনি মন্তব্য করেন।

  • শেয়ার করুন