সাত দিনের মধ্যে হরমুজ খুলে দেবে ইরান, যেসব শর্ত দিল যুক্তরাষ্ট্রকে

প্রকাশিত: September 22, 2026

  • শেয়ার করুন

যুক্তরাষ্ট্র যদি ইরানের বন্দরগুলোর ওপর থেকে অবরোধ তুলে নেয় এবং সামরিক চাপ কমায়, তবে মাত্র ৭ দিনের মধ্যেই ‘হরমুজ প্রণালি’ আবার সবার জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছে ইরান।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্স ও জাপানের কিয়োডো নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এই বড় প্রস্তাবের কথা জানিয়েছেন।

জাপানি সংবাদ মাধ্যম কিয়োডো নিউজ প্রথম এই খবরটি সামনে আনে। তারা জানায়, আমেরিকার সাথে সম্পর্ক ঠিক করতে ও সামরিক উত্তেজনা কমাতে ইরান এই উদ্যোগ নিয়েছে। মধ্যস্থতাকারীদের মাধ্যমে এই প্রস্তাবটি ইতোমধ্যেই আমেরিকার কাছে পাঠানো হয়েছে, যাতে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের শত্রুতা চিরতরে বন্ধ করার পথ তৈরি হয়।

অন্যদিকে রয়টার্সকে ওই কর্মকর্তা বলেন, জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে আসা ইরানি প্রতিনিধিদলকে আমেরিকার সাথে সরাসরি আলোচনা শুরু করার পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, জাতিসংঘের এই অধিবেশন আমেরিকার জন্য সমঝোতায় ফেরার একটি দারুণ সুযোগ। যুক্তরাষ্ট্র যদি সত্যিই ভালো কোনো পদক্ষেপ নেয়, তবে ইরানও আলোচনার টেবিলকে স্বাগত জানাবে। তবে দুই সংবাদমাধ্যমের সাথে কথা বলা ব্যক্তিটি একই কর্মকর্তা কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

 

  • শেয়ার করুন