প্রকাশিত: September 23, 2026
ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধক্ষেত্রে পরিণত হওয়া হরমুজ প্রণালিতে একটি মালবাহী জাহাজে অজ্ঞাত বস্তুর আঘাতে আগুন ধরে গেছে। জাহাজটি এখন নিয়ন্ত্রণহীন অবস্থায় ভাসছে। এ ঘটনায় দুজন হতাহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)। খবর টাইমস অব ইসরায়েলের।
নিজেদের হাতে আসা একটি রিপোর্টের বরাতে ইউকেএমটিও জানিয়েছে, ইতোমধ্যে জাহাজটি থেকে সব নাবিককে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।
পর্যবেক্ষক সংস্থাটি আরও জানায়, পুরো বিষয়টি তদন্ত করে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই ঘটনার ফলে এখন পর্যন্ত কোনও ধরনের পরিবেশগত ক্ষতির খবর পাওয়া যায়নি।
প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত শুরুর পর থেকেই হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে গেছে। সেখানে নিজেদের নির্ধারিত রুট বাদে অন্য রুট দিয়ে চলাচলকারী জাহাজে নিয়মিত হামলা চালাচ্ছে ইরান। পাল্টা পদক্ষেপ হিসেবে ইরানের বন্দর এবং জাহাজগুলোর বিরুদ্ধে অনির্দিষ্টকালের নৌ-অবরোধ জারি করেছে যুক্তরাষ্ট্র।