প্রকাশিত: September 24, 2026
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রকাশ্যে ‘গণধোলাই’ দেওয়ার হুমকি দিয়েছেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। বুধবার (২৩ সেপ্টেম্বর) সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ বক্তব্য দেন।
সমাবেশে নাসীরুদ্দীন পাটওয়ারীর সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে এমদাদ হোসেন চৌধুরী বলেন, ‘ডার্বি নাসীর’ নামে পরিচিত পাটওয়ারী কয়েক দিন ধরে বিভিন্ন বিষয়ে বক্তব্য দিচ্ছেন। ঢাকা শহরে ককটেল বিস্ফোরণ নিয়ে তার দেওয়া বক্তব্যের প্রসঙ্গ তুলে তিনি এটিকে ‘রাষ্ট্রদ্রোহিতা’ হিসেবে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, এনসিপির নেতাদের বক্তব্য রাজনৈতিক পরিবেশকে উত্তপ্ত করছে। তাদের বক্তব্যের প্রতিবাদ করতে গিয়ে তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে নাসীরুদ্দীন পাটওয়ারীকে যেখানে পাওয়া যাবে, সেখানে লাঠিপেটা করে গণধোলাই দেওয়ার কথা বলেন।
এর আগে ঢাকা শহরে ককটেল বিস্ফোরণ নিয়ে বক্তব্য দেওয়ায় এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে রিমান্ডে নেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এমদাদ হোসেন চৌধুরী বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারীসহ এনসিপির অন্য নেতারা প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে যেসব বক্তব্য দিচ্ছেন, তা রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থী। এসব বক্তব্যের কারণে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় এনসিপির নেতাদের সতর্ক করে এমদাদ হোসেন চৌধুরী বলেন, ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে এর দায় তাদের বহন করতে হবে।
উল্লেখ্য, গত সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আয়োজিত মিছিল শেষে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছিলেন, তাদের তিনটি দাবি মেনে নেওয়া হলে ঢাকা শহরে আর ককটেল বিস্ফোরণ হবে না। তার ওই বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও প্রতিক্রিয়া তৈরি হয়।