হরমুজ প্রণালিতে ১৯ জাহাজে হামলা ইরানের

প্রকাশিত: September 27, 2026

  • শেয়ার করুন

হরমুজ প্রণালিতে ১৯টি জাহাজে হামলা চালিয়েছে ইরান। গত ৪৮ ঘণ্টায় তথা গত দুই রাতে ‘নিয়ম লঙ্ঘনকারী’ এসব জাহাজে সরাসরি হামলা চালানো হয় বলে দাবি করেছে দেশটি। এছাড়া হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের একটি ডুবোযান আটক করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। একইসঙ্গে মধ্যপ্রাচ্যে মার্কিন অবস্থানকে ‘নাজুক’ বলে মন্তব্য করেছে ইরানের সেনাবাহিনী।

সংবাদমাধ্যম গালফ নিউজ বলছে, গত ৪৮ ঘণ্টায় ইরানের সরাসরি হামলার শিকার ১৯টি জাহাজের মধ্যে প্রথম রাতে ১২টি এবং দ্বিতীয় রাতে সাতটি জাহাজে হামলা চালানো হয় বলে দেশটির সংবাদমাধ্যম ফারস নিউজ জানিয়েছে। জাহাজগুলো হরমুজ প্রণালির অনুমোদনহীন পথে চলাচলের চেষ্টা করার পর তাদের ওপর এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে ইরান।

আর এই হামলার ঘটনা এমন এক সময় ঘটল যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে বলে দাবি করে আসছেন। ইরানি কর্মকর্তারা বলছেন, তাদের এই অভিযান ওয়াশিংটনের ওই দাবির সরাসরি বিপরীত চিত্র তুলে ধরছে।

তারা সতর্ক করে বলেছেন, ইরানের অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে যেকোনো জাহাজ চলাচলের চেষ্টা করলে সশস্ত্র প্রতিক্রিয়ার মুখে পড়তে হবে।

এদিকে হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের একটি মানববিহীন ডুবোযান জব্দ করার দাবি করেছে ইরানের রেভল্যুশনারি গার্ড। রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। ইরানের রেভল্যুশনারি গার্ড জানিয়েছে, জব্দ করা যানটি ‘রেমাস ৬০০’ নামের একটি অত্যাধুনিক পানির নিচে চলাচলকারী যান। গোয়েন্দা তথ্য সংগ্রহ ও ইলেকট্রনিক যুদ্ধের সমন্বিত অভিযানের মাধ্যমে এটিকে আটক করা হয়েছে বলে দাবি করেছে তারা।

আধা-সরকারি ফারস নিউজ এজেন্সি রেভল্যুশনারি গার্ডের বরাত দিয়ে জানিয়েছে, যানটি ‘গুপ্তচরবৃত্তির’ কাজে ব্যবহার করা হচ্ছিল। এখন এটি তাদের বিশেষজ্ঞদের কাছে রয়েছে এবং তারা এর তথ্য পরীক্ষা করবেন। হরমুজ প্রণালিতে ‘বিপজ্জনক তৎপরতা ও অনুমোদনহীন চলাচল’ নিয়েও সতর্ক করেছে আইআরজিসি।

অন্যদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অবস্থান ‘নাজুক’ বলে মন্তব্য করেছেন ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আক্রামিনিয়া। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বর্তমান পরিস্থিতির কারণে ওয়াশিংটন আবারও ‘সামরিক আগ্রাসনের’ পথে যেতে পারে বলে মন্তব্য করেছেন তিনি।

আক্রামিনিয়াকে উদ্ধৃত করে বলা হয়, ‘ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী শত্রুর মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত’। তিনি বলেন, পশ্চিম এশিয়া থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে দেয়া হলে তা এই ‘অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করবে’।

  • শেয়ার করুন