প্রকাশিত: September 28, 2026
রাজধানীর মোহাম্মদপুরে সেনাবাহিনী ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন এক যুবদল নেতা।সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
তার নাম ইব্রাহিম হোসেন ওরফে তালা ইব্রাহিম। তিনি ঢাকা মহানগর উত্তর ৩৩ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক।
এ ঘটনায় ভুক্তভোগী মো. রাতুল মোহাম্মদপুর থানায় মামলা করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, চব্বিশের ৫ আগস্টের পর বিভিন্ন প্রতিষ্ঠানে চাঁদা না দেওয়ায় তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে তালা ইব্রাহিমের বিরুদ্ধে। পরে অনেকে বাধ্য হয়ে প্রতিষ্ঠানের তালা খুলতে চাঁদা দিয়েছেন বলে জানা গেছে। তিনি মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় আলোচিত গণধর্ষণ মামলায় চার্জশিটভুক্ত আসামি বলেও জানা গেছে।
আরও জানা যায়, ঢাকা মহানগর উত্তরের ৩৩ নম্বর ওয়ার্ড যুবদল কমিটি নানা অনিয়ম ও অভিযোগের কারণে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিলুপ্ত ঘোষণা করা হয়।
এজাহার সূত্রে জানা যায়, মোহাম্মদপুর নবীনগর হাউজিংয়ের ৭ নম্বর রোডের একটি বাসায় সেনাবাহিনী ও এসআরবি পরিচয় দিয়ে ১৫-২০ জনের একটি দল প্রবেশ করে। পরে তারা বাসায় থাকা লোকজনকে জিম্মি করে মারধর করে। এ সময় নগদ ১২ হাজার টাকা এবং ৪৫ হাজার টাকা মূল্যের একটি হাতঘড়ি নিয়ে যায়। মারধরে বাসায় থাকা কয়েকজন আহত হন।
এজাহারে আরও উল্লেখ করা হয়, চাঁদা নিতে আসা ব্যক্তিদের পরিচয় সন্দেহ হলে ভুক্তভোগী মোহাম্মদপুর থানা পুলিশকে ফোন করেন। তখন তারা হুমকি দিয়ে দ্রুত বাসা থেকে বের হয়ে যায়। যাওয়ার সময় তারা বলেন- নিচে সেনাবাহিনী ও এসআরবির গাড়ি দাঁড়িয়ে আছে এবং তাকে গ্রেফতার করার জন্য বাসায় আসছে। এরপর তারা দ্রুত পালিয়ে গেলে ভুক্তভোগী মোহাম্মদপুর থানায় গিয়ে মামলা করেন।
মোহাম্মদপুর থানার ওসি আব্দুল হালিম বলেন, চাঁদাবাজি মামলায় যুবদলের এক বহিষ্কৃত নেতাকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। আইনানুগ ব্যবস্থা শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।