সড়কে ঝরল ৩ কিশোরের প্রাণ

প্রকাশিত: September 28, 2026

  • শেয়ার করুন

বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরে ঢাকাগামী সুরভী পরিবহন নামে একটি বাসের চাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উজিরপুর উপজেলার আটিপাড়া এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর প্রায় আধাঘণ্টা বরিশাল-ঢাকা মহাসড়কের যানবাহন চলাচল বন্ধ ছিল।

নিহতরা হলেন- উপজেলার বামরাইল ইউনিয়নের আটিপাড়া গ্রামের বাসিন্দা কবির ঢালীর ছেলে সৌরভ ঢালী (১৪), একই গ্রামের তাওহিদ (১৪) ও ধামসর গ্রামের মনির হোসেনের ছেলে মোস্তাকিম (১৪)। তারা তিনজনই এ বছর একসঙ্গে এসএসসি পরীক্ষা দিয়েছিল।

উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিন কিশোর একটি মোটরসাইকেল যোগে আটিপাড়া থেকে ধামসর যাচ্ছিল। পথিমধ্যে বরিশাল থেকে ঢাকাগামী সুরভী পরিবহন কোম্পানির একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়।

উজিরপুর মডেল থানার পরিদর্শক মো. ফারুক হোসেন বলেন, ‘তিনজনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি সুরভী পরিবহনের বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। চালক-সুপারভাইজার বা হেলপার কাউকেই পাওয়া যায়নি।’

তিনি বলেন, ‘ঘটনার পর স্থানীয় জনতা ঘটনাস্থলে জড়ো হলে মহাসড়কে আধাঘণ্টার মতো যানবাহন চলাচল বন্ধ ছিল। এ কারণে কিছুটা যানজট সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

  • শেয়ার করুন