প্রকাশিত: October 2, 2026
ঢাকায় যুবদল নেতাকে ডেকে নিয়ে কুপিয়ে জখমরাজধানীর মহাখালী এলাকায় যুবদল নেতা তালহা রহমানকে (৩৩) কুপিয়ে জখম করা হয়েছে। মহাখালী ২০নং ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক তিনি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে তাকে উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তালহা মহাখালী রসুলবাগ এলাকার হাফিজুর রহমানের ছেলে।
আহতের ছোট ভাই মো. মুয়াম্মার রহমান জানান, রাত আনুমানিক পৌনে ১০টার দিকে দুর্বৃত্তরা তালহাকে মোবাইল ফোনে কল করে তেজগাঁও শিল্পাঞ্চল থানার মহাখালী এসএ পরিবহণ ও এ বিএম পাম্পের মধ্যবর্তী গলিতে ডেকে নিয়ে যায়।
‘সেখানে পৌঁছামাত্রই পূর্বপরিকল্পিতভাবে ওঁৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। হামলার পর ভিকটিমকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়ে।’
পরে স্বজনরা খবর পেয়ে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাত ১২টা ১৫ মিনিটে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসা পরবর্তী বর্তমানে তিনি নিজ বাসায় রয়েছেন।
মুয়াম্মার রহমান জানান, কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে তা এখনো স্পষ্ট নয়, এ বিষয়ে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছে তালহার পরিবার।