প্রকাশিত: October 2, 2026
ময়মনসিংহের নান্দাইলে মসজিদের মক্তবে পড়তে যাওয়া ৯ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় এক জামায়াত নেতার বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে নান্দাইল মডেল থানায় মামলা করেছেন।
অভিযুক্ত হেলাল উদ্দিন ওরফে বেলাল মুন্সি (৫৫) উপজেলার শেরপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির। তিনি সংগ্রামখেলী গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার (১ অক্টোবর) মামলাটি নথিভুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। এর আগে বুধবার রাতে শিশুটির বাবা থানায় লিখিত অভিযোগ দেন।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার সকালে সংগ্রামখেলী কোনপাড়া বায়তুল আতিক জামে মসজিদের মক্তবে পড়া শেষে শিশুটিকে একা পেয়ে বেলাল তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নিপীড়নের চেষ্টা করেন। এ সময় শিশুটি বাধা দিয়ে চিৎকার করলে তার মুখ চেপে ধরা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে শিশুটি বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের কাছে বিষয়টি জানায়। ঘটনাটি স্থানীয়ভাবে জানাজানি হলে এলাকায় আলোচনা শুরু হয়।
শিশুটির পরিবারের অভিযোগ, ঘটনার পর তারা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিচার চেয়েও কোনো সুরাহা পাননি। তাদের দাবি, অভিযুক্ত ব্যক্তি রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন।
তবে অভিযোগ অস্বীকার করেছেন হেলাল উদ্দিন বলেন, জমিজমা ও ডিপটিউবওয়েল সংক্রান্ত বিরোধের জেরে একটি পক্ষ তার কাছে ১০ লাখ টাকা দাবি করেছিল। ওই টাকা না দেওয়ায় তাকে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে।
নান্দাইল উপজেলা জামায়াতে ইসলামীর আমির শামসুদ্দিন বলেন, ‘বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এ বিষয়ে আমাদের কাছে যে অভিযোগ এসেছে; তা আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। এরই মধ্যে সংগঠনের পক্ষ থেকে বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। তদন্তে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে চূড়ান্ত কোনো মন্তব্য করা ঠিক হবে না। তবে অভিযোগটি সত্য প্রমাণিত হলে সাংগঠনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, শিশুটিকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে তার বাবা থানায় মামলা করেছেন। অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।