প্রকাশিত: October 3, 2026
দাকোপ :
খুলনার দাকোপ উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চালনা পৌরসভা শাখার সভাপতি মো. শফিকুল ইসলাম ওরফে আক্কেল আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২ অক্টোবর) দিবাগত রাতে নিজ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শনিবার (৩ অক্টোবর) সকালে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার শফিকুল ইসলাম (৫৮) চালনা পৌরসভার আনন্দনগর গ্রামের বাসিন্দা। তিনি চালনা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
দাকোপ থানার উপপরিদর্শক (এসআই) প্রসেনজিৎ ব্যানার্জী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালে পানখালী মমতাজ বেগম স্কুলসংলগ্ন সড়কের পাশে স্থানীয় বিএনপি ও দলীয় প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা ও লুটপাটের অভিযোগে দায়ের করা মামলায় শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারের পর তাঁকে আদালতে পাঠানো হলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।