টেকনাফে আধিপত্য বিস্তারের জেরে গোলাগুলি, ২ জন গুলিবিদ্ধ

প্রকাশিত: October 4, 2026

  • শেয়ার করুন

কক্সবাজারের টেকনাফে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্ৰুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত দুইজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। রোববার (৪ অক্টোবর) দুপুর ৩টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের সিকদার পাড়া এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ওই এলাকার আবদুল গফুরের ছেলে মো. হেলাল (২৫) ও সাব্বির আহমেদের ছেলে মো. হারুন (৩২)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাবরাং ইউনিয়নের সিকদার পাড়া বাজারে পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শামসু মেম্বার ও তার ভাই তোফায়েলের সমর্থকদের সঙ্গে অন্য একটি পক্ষের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে শামসু মেম্বার ও তার ভাইয়ের নির্দেশে তাদের পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর চড়াও হয় এবং এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে।

হঠাৎ বাজারে গোলাগুলির শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ী ও সাধারণ মানুষ প্রাণ ভয়ে দিগ্বিদিক ছুটোছুটি করতে থাকেন। গোলাগুলির ঘটনায় দুই ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান।

টেকনাফ হাসপাতালের চিকিৎসক সাখাওয়াত হোসেন মিঠু জানান, আহতদের শরীরে গুলির আঘাত রয়েছে এবং তাদের অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের কক্সবাজারে রেফার্ড করা হয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

  • শেয়ার করুন