স্বামীকে রেখে গেলেন অফিসে, বাসায় ফিরে স্ত্রীর ‘চোখ কপালে’

প্রকাশিত: October 8, 2026

  • শেয়ার করুন

ঢাকার উত্তর শাহজাহানপুরে একটি পাঁচতলা বাড়ির ছাদের টিনের ঘর (চিলেকোঠা) থেকে ফখরুল হোসেন ফরহাদ (৪৪) নামের এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে শাহজাহানপুর থানা পুলিশ।

 

বুধবার (০৭ অক্টোবর) সন্ধ্যায় আমতলা জামে মসজিদের সামনে ওই বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। সম্পত্তি নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

পরিবার সূত্রে জানা গেছে, অসুস্থ স্বামীকে ঘরে রেখে কর্মস্থলে গিয়েছিলেন স্ত্রী সম্পা। রাতে কাজ শেষে বাসায় ফিরে তিনি ঘরের মেঝেতে স্বামী ফরহাদের রক্তাক্ত ও নিথর দেহ দেখতে পান। এ সময় ঘরের চারপাশে খাবার-দাবার ছড়িয়ে-ছিটিয়ে ছিল। প্রায় দেড় দশকের দীর্ঘ দাম্পত্য জীবনের সঙ্গীকে হারিয়ে বাকরুদ্ধ ও পাগলপ্রায় স্ত্রী। খবর পেয়ে স্বজনরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।

 

নিহতের ছোট বোন নূর আফসানা হাসান নিতুর অভিযোগ করেন, নানার সূত্রে পাওয়া ওই বাড়ির সম্পত্তি নিয়ে তাদের বড় বোন নূর আফসানা হাসান নিপা ও তার স্বামী সুজন সরকারের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ফরহাদকে বাড়ি থেকে উচ্ছেদের জন্য তাকে বিভিন্ন সময় হুমকি দেওয়া হয়েছিল। ঘটনার দুই দিন আগেও তাকে জোর করে বাসা ছেড়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

পুলিশের প্রাথমিক ধারণা, বুধবার সন্ধ্যার দিকে ফরহাদকে হত্যা করা হয়ে থাকতে পারে। এ ঘটনায় নিহতের বোন ও ভগ্নিপতিকে আটক করে শাহজাহানপুর থানা পুলিশ।

ডিএমপির মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) হারুন অর রশিদ জানান, এ ঘটনার পেছনে অনেকগুলো ইস্যু কাজ করতে পারে। আমরা যতটুকু জেনেছি, সম্পত্তি সংক্রান্ত একটা বিরোধ আছে। এছাড়া আরো কোনো ইস্যু আছে কিনা সেগুলো আমরা যাচাই বাছাই করছি। যাচাই বাচাই শেষে তথ্য প্রমাণ সংগ্রহ করার পরে আমরা বলতে পারবো প্রকৃতপক্ষে কেন এ ঘটনা ঘটেছে।

  • শেয়ার করুন